২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে নাটোরে হরতাল পালন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় ছাত্রলীগ নেতা দোহা হত্যার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং ব্যবসায়ী সমিতির ডাকে রোববার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নাটোর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় ছাত্রলীগ নেতা দোহা হত্যার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং ব্যবসায়ী সমিতির ডাকে রোববার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বুধবার ছাত্রলীগ নেতা শামসুদ্দোহাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ বড়াল নদীতে ফেলে দেয়। সকাল ৬টা থেকে দুপুর ১২ট পর্যন্ত হরতালের সময় স্কুল, কলেজ, মাদরাসাসহ এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বাস-ট্রাকসহ কোনো যানবাহনও চলেনি। হরতালের সমর্থনে ব্যবসায়ীরা তমালতলা বাজারে মৌন মিছিল বের করে। মিছিল শেষে তমালতলা বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বকুল ও জাতীয় পার্টির (জাপা) নেতা আবু সাঈদ হিরণ। তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র-শিক্ষকরাও মিছিল সমাবেশ করেন। হরতালকারীরা দোহার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। বাগাতিপাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ও তমালতলা কৃষি ও কারিগরি কলেজের শেষ বর্ষের ছাত্র শামসুদ্দোহা হত্যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ আলী জানান, আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। তিনি জানান, দোহা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার চক গোয়াস গ্রামের জয়নাল আবেদিনের ছেলে টনিকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.