পাবনা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে পাবনার আটঘরিয়া উপজেলায় শুক্রবার রাতে সরকারি দল আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ মল্লিক ও আটঘরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু।
তাদের মুক্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার সারারাত থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
একই দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ছাত্রলীগ কর্মীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। ফলে পাবনা-চাটমোহর-ঢাকা রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা আটঘরিয়া ও দেবোত্তর বাজারের সব দোকানপাট বন্ধ করে দেয়।
আটঘরিয়া থানার পুলিশ কর্মকর্তারা জানান, গত ২৮ ফেব্র"য়ারি আটঘরিয়া থানায় এ তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন এলজিইডির ঠিকাদার আব্দুল্লাহ আল আমিন সরকার।
মামলায় অভিযোগ করা হয়, ২৫ ফেব্র"য়ারি আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত বৃহস্পতিবার পাবনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই তিন নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
তিনি বলেন, "চাঁদাবাজ ও সন্ত্রাসী কেউ তো আইনের উর্ধ্বে নয়। পুলিশ এ সব চাঁদাবাজদের গ্রেপ্তার করে সরকারের ভাবমূর্তিকে উজ্বল করেছে।"
আটঘরিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন বলেন, "তাদের ছেড়ে দেওয়া না হলে রোববার থেকে হরতালসহ লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24