২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল প্রতিবেদন পর্যালোচনার পরই দলের পুনর্গঠন শুরু হবে: খালেদা

তৃণমূল পর্যায়ের প্রতিবেদন স্থায়ী কমিটিতে পর্যালোচনার পর খুব শিগগিরই তার দলের পূনর্গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ের প্রতিবেদন স্থায়ী কমিটিতে পর্যালোচনার পর খুব শিগগিরই তার দলের পূনর্গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের প্রতিবেদন জমা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। খালেদা জিয়া বলেন,''স্থায়ী কমিটিতে ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দলের পূনর্গঠন কাজ শুরু করব খুব শিগগিরই।" খালেদা জানান চট্টগ্রাম বিভাগের প্রতিবেদন আগেই পাওয়া গেছে। শনিবার তিনটি প্রতিবেদন জমা হয়েছে। আর ২টি বিভাগের জমা হলে সবগুলো প্রতিবেদনই দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা করা হবে। এর আগে রাজশাহী বিভাগের প্রতিবেদন জমা দেন দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। এর পর যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ঢাকা বিভাগ ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমান খুলনা বিভাগের প্রতিবেদন জমা দেন। গত বুধবার চট্টগ্রাম বিভাগের প্রতিবেদন জমা দেন আরেক যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। গত ১ ফেব্র"য়ারি খালেদা জিয়া উপজেলা, থানা ও পৌর নেতাদের সঙ্গে আলাপ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থার প্রতিবেদন দিতে ৬ জন যুগ্ম মহাসচিবের নেতৃত্বে ৬টি সাংগঠনিক কমিটি গঠন করেন। তারা ৩ থেকে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত থানা নেতাদের সাক্ষাৎকার নিয়ে তাদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেন। এসব প্রতিবেদন দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানান যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। প্রসঙ্গত, ১ জানুয়ারি খালেদা জিয়া দলের সব স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে দলকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন। দৃশ্যত সর্বশেষ সংসদ নির্বাচনে বিএনপির ফল বিপর্যয়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩০ঘ.