২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রবিরোধী' বক্তব্য: বিশেষ ক্ষমতায় আটক আখতার হামিদ কারাগারে

'রাষ্ট্রবিরোধী' বক্তব্য ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নওগাঁ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাষ্ট্রবিরোধী' বক্তব্য ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে এক মাসের অন্তরীণ আদেশ দিয়ে রাত পৌনে নয়টায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ পরিদর্শক শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসভবন থেকে বিকেল সাড়ে ৫টায় জেলা বিএনপির উপদেষ্টা আখতার হামিদকে গ্রেপ্তার করা হয়। প্রশাসনিক ও আইনী প্রক্রিয়ার পর সিনিয়র বিচার বিভাগীয় হাকিম হাসানুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাতে নওগাঁর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আখতার হামিদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" বিকেলে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক শহীদ সাংবাদিকদের জানান, আখতার হামিদকে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকায় নেওয়া হতে পারে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আখতার হামিদ সিদ্দিকী তাকে তার বাসভবনে ডেকে নিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন এবং বিএনপি কর্মীদের গ্রেপ্তার ও তাদের মামলা না নেওয়ার বিষয়ে কথা বলেন। ওসি দাবি করেন সাবেক ডেপুটি স্পিকার এসময় তাকে নানাভাবে হুমকি দেন ও ভয়ভীতি প্রদর্শন করেন। ওসি ইলিয়াস ফকির জানান, সাবেক ডেপুটি স্পিকার তাকে বলেছেন, "আগামী দেড়-দুই মাসের মধ্যে এ সরকারের পতন হবে। লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে। পিলখানার ঘটনা দেখে বোঝেননি দেশ কোথায় যাচ্ছে! সিডি দেখলেই বুঝতে পারবেন।" ওসি জানান এরপর রাত ৯টার দিকে তিনি থানায় ফিরে আখতার হামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তার হওয়ার আগে বিকেল ৩টায় আখতার হামিদ তার বাসভবনে সংবাদ সম্মেলন করে বলেন, "ওসি সরকারের বিশেষ মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে জিডি করেছেন। আমি কোনোভাবেই সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য প্রদান করিনি।" স্থানীয় এ বিএনপি নেতা আরো দাবি করেন, "আমি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তাকে (ওসি) জানিয়েছি এবং দলীয় মনোভাব পরিত্যাগ করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২১৪৫ঘ.