ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাজোটে সমন্বয়ের ওপর জোর দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মহাজোটের সঙ্গে যেভাবে কথা হয়েছে সে অনুযায়ী সমন্বয় এবং সম্পর্ক জোরদার করতে হবে।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুলের একটি হোটেলে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আগামী ২ এপ্রিল অনুষ্ঠেয় উপ-নির্বাচনে রংপুরের দু'টি আসনে প্রচারণায় অংশ নিতে এরশাদ চারদিনের সফরে রংপুর গেছেন। তিনি জাপার দুই প্রার্থী রংপুর-৩ (সদর) আসনে রওশন এরশাদ এবং কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাটের তিনটি ইউনিয়ন) আসনে গোলাম হাবিব দুলালের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
রংপুর পৌঁছে বিকেলে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও রংপুর-৩ (সদর) আসন ছেড়ে দেওয়ার কারণ হিসেবে জাপা চেয়ারম্যান বলেন, ঢাকা-১৭ আসনটি তিনি রেখেছেন, কারণ এই আসনে জাতীয় পার্টির তেমন কোনো প্রার্থী নেই।
রওশন এরশাদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি রংপুরবাসীর প্রতি আহ্বান জানান।
রংপুরে শনিবার ও রোববার তিনি রওশন এরশাদকে সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেবেন। এখান থেকে সোমবার কুড়িগ্রাম যাবেন গোলাম হাবিব দুলালের পক্ষে প্রচারণা চালাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এইচএ/২২৩০ঘ.
bdnews24