ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সর্বদলীয় তদন্ত কমিটির প্রধান হবেন আওয়ামী লীগ সাংসদ মোঃ ফজলে রাব্বী মিয়া।
কমিটির সদস্য হবে ১১।
বৃহস্পতিবার সন্ধ্যায় চিফ হুইপ আবদুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
চিফ হুইপ বলেন, শিগগিরই স্পিকার সংসদে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন।
নবম সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সোমবার সাবেক স্পিকার জমিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত দেন।
আসন্ন উপনির্বাচনের আগে এ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে 'উদ্দেশ্যমূলক' হিসেবে অভিহিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার বগুড়া ৬ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী।
অষ্টম সংসদের সময়কালে বৈদ্যুতিক বাতি কেনা, লিফট ব্যবস্থাপনা, বাগানের ঘাস কাটা ও আসবাবপত্রসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বর্তমান স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ ১৬ মার্চ সাবেক স্পিকার জমিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত দেন।
জমির উদ্দিন সরকার দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো 'সম্পূর্ণ অসত্য'।
১৭ মার্চ এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, "এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। এগুলো আমার এখতিয়ারভূক্ত নয়, গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাভূক্ত। এ সংসদে যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন তারা ব্যক্তিগত আক্রোশেই তুলেছেন।"
তিনি আরও বলেন , "অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীসহ অন্য স্পিকারের বিরুদ্ধে কেন তদন্ত হবে না এটা আমার প্রশ্ন।"
জমিরউদ্দিন সরকারের অভিযোগের জবাবে স্পিকার আব্দুল হামিদ বলেছেন নিজের আগের মেয়াদের বিষয়ে তদন্ত হলে তিনি তাকেও স্বাগত জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/আরএএইচ/এসকে/২০৪৭ঘ.
bdnews24