২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তায় কৃষি ব্যবস্থাকে আধুনিক করা হবে: প্রধানমন্ত্রী

খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি এ ডি স্পাইকার্সের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশকে কীভাবে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করা যায় তা নিয়ে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার আলোচনা হয়েছে। আলোচনায় বর্তমান খাদ্য পরিস্থিতি উন্নয়নে তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়ন করা হবে। কৃষিক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুধু খাদ্য উৎপাদনই নয় খাদ্য সংরক্ষণের জন্যও আরো গুদাম ও সাইলো নির্মাণ করা হবে। এজন্য বেসরকারি খাতকে উৎসাহিত করার কথাও বলেছেন তিনি। হাসিনা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা হ্্রাসে উপকূলীয় অঞ্চলে আরো বনায়ন করা হবে এবং নদ-নদীর নাব্যতা বাড়ানো হবে। কৃষকদের জৈব ফল ও সবজি উৎপাদনে সরকার উৎসাহিত করবে এবং সহায়তা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বমন্দা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে হাসিনা বলেছেন- তার সরকার এ পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছে। বিশ্বমন্দা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ইতোমধ্যেই সর্বদলীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছিল বলে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি প্রশংসা করেন। হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবে বলেও তিনি আশা প্রকাশ স্পাইকার্স। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২০০৭ এ সিডরের সময় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সহায়তার জন্য হাসিনা স্পাইকার্সকে ধন্যবাদ জানান। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিও আগামীতে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তাদের সহায়তা অব্যাহত রাখার কথা জানান। স্পাইকার্স বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং এই সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রধানের একটি অভিনন্দন বার্তাও হাসিনার কাছে হস্তান্তর করেন স্পাইকার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমএসবি/১৬২৩ ঘ.