ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উপ-নির্বাচনের প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বিশেষ পত্রবাহক মারফত মঙ্গলবার রাতে সিইসি এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠি বিএনপি চেয়ারপার্সনের কাছে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ।
এর আগে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সিইসি চিঠি দেন।
২ এপ্রিল অনুষ্ঠিতব্য সংসদের শূণ্য আসনে বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।
বুধবার ইসি উপসচিব মিহির মোর্শেদ জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্র্থীদের জন্য অনুসরণীয় আচরণবিধি অনুযায়ী নির্বাচনে সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমমর্যাদা সম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।
একইভাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ, হুইপ বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিরাও নির্বাচনী প্রচারনায় অংশ নিতে পারবেন না।
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপরা যাতে নির্বাচনী প্রচারণায় অংশ না নেন, সে বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য বিএনপি চেয়ারপার্সনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
গত ৮ মার্চ এক চিঠিতে উপ-নির্বাচনে মন্ত্রী বা সম মর্যাদার কেউ যাতে নির্বাচনী এলাকায় সরকারি সফর ও নির্বাচনী প্রচারণায় অংশ না নেয় সেবিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সিইসি অনুরোধ জানান। এছাড়াও সংসদের স্পিকার, মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব বরাবরও চিঠি পাঠানো হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও জাপা'র চেয়ারম্যানের ছেড়ে দেওয়া সংসদের রংপুর-৩, রংপুর-৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬, বগুড়া-৭ এবং কিশোরগঞ্জ-৬ আসনে ২ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া বাগেরহাট-১ আসনে তারই চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩৪০ঘ.
bdnews24