ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় হত্যাকাণ্ডে দেশীয় কিছু লোকজনের পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা- তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে অনুরোধ করেছে সরকার।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে শ্রীলংকার হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর পিলখানার ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
ফারুক খান বলেন, "তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। গণতান্ত্রিক সরকার সবকিছু জনগণকে জানিয়েই করবে।"
মন্ত্রী বলেন, "এফবিআই'র দ্বিতীয় টিম এসেছে। আমরা তাদেরকে এসব বিষয় খতিয়ে দেখার অনুরোধ করেছি।"
আন্তর্জাতিক সংশ্লিষ্টতা কেন সন্দেহ করছেন- জানতে চাইলে ফারুক খান বলেন, "সেনাবাহিনীর এতো অফিসার মেরে ফেললো শুধু দুই কেজি চাল বাড়ানোর জন্য নয়। আমাদের দেশের অর্থনীতি, জনশক্তি ও সশস্ত্র বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা হয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত।"
স্বাধীনতাবিরোধীরা জড়িত কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, "তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। আপনারা অপেক্ষা করুন।"
এ সময় ফারুক খান পালিয়ে থাকা বিডিআর সদস্যদের আত্মসমর্পণের জন্য আবারো আহ্বান জানান। একইসঙ্গে দেশ ও জাতির স্বার্থে তাদেরকে ধরিয়ে দিতে জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।
সচিবালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলংকার হাই কমিশনারের বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৪৪৪ ঘ.
bdnews24