ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। (আরও তথ্যসহ-৩)
মঙ্গলবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কোকোর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক আবু সাইদ।
"তিনি মামলা নিয়ে আসার পর উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা মামলাটি নথিভুক্ত করেছি। তবে এ মামলার তদন্ত দুর্নীতি দমন কমিশনই করবে বলে মামলার বাদী জানিয়েছেন। "
তিনি জানান, এ আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
এদিকে একই দিন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক।
কোকো বর্তমানে সপরিবারে দেশের বাইরে রয়েছেন।
সালাউদ্দিন আরশেদ জানান, মামলার এজাহারে কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ দশমিক ১৫ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৬৭২ দশমিক ৮১ মার্কিন ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে।
গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো বর্তমানে প্যারোলে মুক্তি নিয়ে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।
কাফরুল থানায় দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র আরাফাত রহমান কোকো ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে অবৈধ উপায়ে পাচার করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
বাদী এজাহারে উল্লেখ করেন, সিঙ্গাপুরের নাগরিক লিম সিউ চ্যাং স্ঙিগাপুরে একটি কোম্পানী রেজিস্ট্রেশন করে সেখানকার ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) লিঃ-এ একটি একাউন্ট খোলেন। একাউন্টের শর্ত ছিল আরাফাত রহমানের সাক্ষর বা লিম সিউ চ্যাং ও আরাফাত রহমানের যৌথ সাক্ষরেই শুধুমাত্র সেখান থেকে টাকা উঠানো যাবে। একাউন্ট খোলার আবেদনপত্রের সঙ্গে কোকোর ডুপ্লিকেট পাসপোর্টের ফটোকপিও সংযুক্ত করা হয়।
চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিঃ, ঢাকা এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিঃ, চট্টগ্রাম এর মাধ্যমে সিটি ব্যাংক এনএ, নিউইয়র্ক এবং এইচএসবিসি ব্যাংক ইউএসএ থেকে সিঙ্গাপুরের ইউওবি লিঃ-এর ওই একাউন্টে এ অর্থ জমা করা হয়। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল নিমার্ণ কাজের ঘুষ হিসাবে এই অর্থ কোকোর একাউন্টে জমা করা হয়।
এছাড়া সরকারি মোবাইল ফোন কোম্পানী টেলিটকের যন্ত্রপাতি ও অন্যান্য সার্ভিসের জন্যে সিমেন্স কোম্পানীর কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ আদায় করেন কোকো। সিমেন্সের বাংলাদেশ এজেন্ট মোঃ জুলফিকার আলী সিংগাপুরস্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে কোকোর ইউওবি লিঃ-এর একাউন্টে ৩লাখ ৩ হাজার ২৫৪ সিঙ্গাপুর ডলার বিভিন্ন চেকের মাধ্যমে জমা দেন। এছাড়া বিভিন্ন একাউন্ট থেকে তার ওই একাউন্টে আরো বেশ কিছু অর্থ জমা হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়, লিম সিউ চ্যাং পরবর্তীতে তার বক্তব্যে জানিয়েছেন যে, এই একাউন্টে জমা করা টাকার মালিক আরাফাত রহমান কোকো। এছাড়া সিঙ্গাপুরে গঠন করা ফেয়ারহিল কোম্পানীটিও কোকোর জন্যেই করা হয়েছে।
এজাহারে বলা হয়, বাংলাদেশ নিবাসী কোন ব্যক্তির বৈদেশিক সূত্র হতে আয়ও আয়করযোগ্য। কিন্তু কোকো তার বিদেশী ব্যাংকের আয় আয়কর রির্টানে উল্লেখ করেননি। তার সম্পদ বিবরণীতেও তার উল্লেখ নেই। আবার যেসব সূত্রে কোকোর একাউন্টে অর্থ জমা হয়েছে, তার সাথে কোকোর কোন ব্যবসায়িক সম্পর্ক নেই।
প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণেই বিদেশী কোম্পানীগুলো তাকে অর্থ দিতে বাধ্য হয়েছে। তাই অবৈধ উপায়ে ও কৌশলে বিদেশে অর্থ প্রেরণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে এই মামলাটি দায়ের করা হল।
গত বছরের ১৮ ডিসেম্বর কোকোর নামে বিদেশে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকার সমমূল্যের অর্থের সন্ধান পাওয়ার কথায় জানায় দুদক।
ওই সময় এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল জানান, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর (ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন) আওতায় মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট এর মাধ্যমে এই অর্থের সন্ধান পাওয়া যায়।
তিনি আরও জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এ তথ্য বাংলাদেশকে পাঠানো হয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি থাকা অবস্থায় আরাফাত রহমান কোকো অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে গত বছরের ১৯ জুলাই প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
বিদেশে থাকা অবস্থায়ই গত ১৫ মার্চ কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিসি/এমএসবি/এইচএ/২০৪৫ঘ.
bdnews24