ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- এর অভিযানের সময় ক্রসফায়ারে ৩৭৩ জন অপরাধী মারা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
সোমবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, র্যাব কর্তৃক অপরাধী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় এক র্যাব সদস্য নিহত ও ১৭৫ জন র্যাব সদস্য আহত হয়।
সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ২০০১- ০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে ৩২ হাজার ৪ শ' ৯৯ জন কনস্টেবল ও ১ হাজার ৪ শ' ৭৫ জন এসআই নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা মহানগরীতে ৫৯টি ক্লোজ সার্কিট ক্যামেরা : ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, মডার্নাইজেশন অব ডিএমপি কন্ট্রোল রুম প্রকল্পের আওতায় ঢাকা মহানগরের ৫৯টি স্থানে ১৫৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থ্পান করা হবে। ইতোমধ্যে স্থান নির্ধারণ ও অবকাঠামো নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ৫টি স্থানে ১৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
ভারতীয় নাগরিক আটক প্রসঙ্গ : ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেননের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বাংলাদেশের কারাগারে আটক ভারতীয় নাগরিকের সংখ্যা ৩৩৪ জন। সাজা ও আটকাদেশ শেষে তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়ে থাকে।
আদিবাসী জনসংখ্যা ১৫ লাখ : নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সংসদকে জানান, ২০০৯ সালের মার্চ মাসের প্রক্ষেপন অনুযায়ী দেশে মোট আদিবাসীর সংখ্যা ১৫ লাখ ৯৮ হাজার ১৪৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এইচএ/১৮০৫ঘ.
bdnews24