বগুড়া, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতটি সংসদীয় আসনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
তিনি বলেন, "নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন তাই করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতেই হবে। নির্বাচনে পক্ষপাতিত্ব করতে দেওয়া হবে না।"
রোববার বগুড়া সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বগুড়ার দুটি আসনের উপনির্বাচন নিয়ে মতবিনিমিয় সভায় নির্বাচন কমিশনার ছহুল এ কথা বলেন।
২ এপ্রিল সাতটি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ রয়েছে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, "উপনির্বাচনে সংসদ সদস্যরা যাতে প্রভাব বিস্তার করতে না পারেন সে জন্য স্পিকারের মাধ্যমে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।"
কোথাও আচরণ বিধি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থী জিতলেও জনপ্রতিনিধি হিসেবে থাকতে পারবেন না বলে তিনি জানান।
ছহুল বলেন, "বিগত সময়ে অভিযোগ উত্থাপিত হওয়ার পরেও ব্যবস্থা নিতে নিতে মেয়াদকাল পার হয়ে যেতো। তবুও ব্যবস্থা নেওয়া হতো না। কিন্তু এবার কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে ১০ মাসের মধ্যে বিচার সম্পন্ন হবে।"
এ জন্য নির্বাচন ট্রাইব্যুনালকে ছয় মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ আপিল করেন তা চার মাসের মধ্যেই নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনার জানান, উপনির্বাচনে বিচার বিভাগীয় হাকিমদের সংখ্যা বাড়ানো এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে সবাইকে নির্বাচনী বিধি মেনে চলার আহবান জানান তিনি।
নির্বাচন কমিশনার মনে করেন, "তত্ত্বাবধায়ক সরকারের মতো বর্তমান সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আন্তরিক।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান, রাজশাহী অঞ্চলের পুলিশের ডিআইজি মোখলেছুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার আকরাম হোসেন ও র্যাব-১২ এর অধিনায়ক মেজর আবু নছর মো. মোস্তফা প্রমূখ।
যে সাতটি আসনে উপনির্বাচন হবে সেগুলো হলো- শেখ হাসিনার ছেড়ে দেওয়ার বাগেরহাট-১ ও রংপুর ৬ আসন, খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া-৬ ও ৭, এইচ এম এরশাদের ছেড়ে দেওয়া রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ এবং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কিশোরগঞ্জ-৬ আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫২ ঘ.
bdnews24