ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পিলখানায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমীর মতিউর রহমান নিজামী।
শনিবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মাল্টিপারপাস হলে জামায়াতে ইসলামী মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিডিআর বিদ্রোহের জন্য সরাসরি ভারতকে দায়ী করে গত মার্চ ৮ নিজামী আরেকটি আলোচনা সভায়ও বলেছিলেন, ওই দেশের গোয়েন্দা সদরদপ্তর থেকে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে।
শনিবার তিনি নাম উল্লেখ না করে বলেন, "বিডিআর সদরদপ্তর পিলখানায় মোসাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে কারা- আমি বলছি না।" তখন সমস্বরে আলোচনায় উপস্থিত জামায়াত নেতা-কমীরা 'র' (ভারতীয় গোয়েন্দা সংস্থা) এর নাম বলেন।
এরপর নিজামী বলেন, "মোসাদের সঙ্গে আমাদের প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এত মিল-চুক্তি, কারণ, যারা কুরান-সুন্নাহ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদের প্রতি মুশরিক গোষ্ঠী ফুল ছিটাবে তা তো আশা করা যায় না।"
সীরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমীর মকবুল আহমদ, সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল হক, জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জামায়াতের মহানগর সভাপতি রফিকুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩২৫ঘ.
bdnews24