ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- দুর্নীতির পৃথক দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও সাবেক সাংসদ ফজলুল হক মিলন জামিন পেয়েছেন।
তবে জিয়ার ছেলে মুশফিকুল হক জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বশির উল্লাহ এ আদেশ দেন।
জিয়াকে ২০ হাজার এবং মিলনকে ৫০ হাজার টাকা মুচলেকায় এ জামিন দেওয়া হয়।
এ মামলায় জামিন পেলেও ৩টি মামলায় ৩৫ বছর কারাদণ্ড হওয়ায় মুক্তি পাচ্ছেন না জিয়া।
আদালত মিলনের দুর্নীতি মামলার অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য ৫ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়েছে।
জিয়া ও তার ছেলের বিরুদ্ধে ঢাকা ওয়াসার ১২ লাখ ৯৭ হাজার ১৭৮ টাকার জ্বালানি ক্ষতি এবং মিলনের বিরুদ্ধে ২ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৬ লাখ ১৫ হাজার ৭৫৫ টাকার আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এএল/এসকে/২২১৬ঘ.
bdnews24