ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)--অস্ত্র মামলায় সাজা পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ জামিনের মেয়াদ বাড়ানোর বাবরের আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেয়।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবরের জামিনের মেয়াদ শেষ হয়েছে। তাকে এখন নিু আদালতে আত্মসমর্পণ করতে হবে।
অস্ত্র মামলায় গতবছর ১৬ অক্টোবর বাবরকে ছয় মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে সরকার আপিল করলে সেবছরই ২৩ অক্টোবর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ সংশোধন করে বাবরকে তিন মাসের জামিন দেন। এই তিন মাস পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছিল।
আপিল বিভাগের এই আদেশ সত্ত্বেও বাবর তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে হাইকোর্ট মেয়াদ বাড়িয়ে দেয়। তবে সরকার পক্ষ আপিল বিভাগের আদেশ আদালতকে অবহিত করলে হাইকোর্ট গত ৮ ফেব্র"য়ারি জামিনের মেয়াদ বৃদ্ধির অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার করে নেয়।
মঙ্গলবার বাবরের পক্ষে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বাবরকে 'খুবই অস্্ুস্থ' উল্লেখ করে বলেন, "চিকিৎসার জন্য তার জামিনের মেয়াদ বাড়ানো প্রয়োজন। ব্যারিস্টার হককে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বাবরের কৌসুলীর বক্তব্যের বিরোধিতা করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম শুনানিতে বলেন, অস্ত্র মামলায় বাবরের জামিনের বিষয়টি আপিল বিভাগ ইতোপূর্বে নিষ্পত্তি করে দিয়েছেন। তার জামিনের মেয়াদ শেষ হয়েছে। এ মামলায় তিনি এখন পলাতক। তাই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন অচল।
বাবর আদালতে উপস্থিত ছিলেন।
প্রয়োজনীয় কাগজ ছাড়া পিস্তল রাখার অভিযোগে গতবছর ৩ জুন বাবরের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র মামলাটি দায়ের করা হয়।
এ মামলায় গতবছর ৩০ অক্টোবর তাকে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত।
এই রায়ের বিরুদ্ধে বাবর গতবছর ২৭ নভেম্বর হাইকোর্টে আপিল দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫০ঘ.
bdnews24