ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার বিকেলে বসা বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায় শেষ হয়েছে।
সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সম্মেলন কক্ষে বিকাল ৪টা ২৫ মিনিটে বৈঠক শুরু হয়ে সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়। এ পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি।
বিগত স্পিকারের নির্ধারণ করে যাওয়া আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে গত ২৮ জানুয়ারি থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে বিএনপি।
বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করছেন বিরোধী দলীয় নেতা ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
এর আগে সকালে দলের জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আজ সংসদীয় দলের সভায় সংসদে যাওয়া না যাওয়ার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।''
বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বিকেল সোয়া তিনটায় সংসদীয় দলের বৈঠক বসবে। বৈঠকে স্পিকারের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
গত বৃস্পতিবার স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুকের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিরোধী দলকে সংসদে ফিরে আনার জন্য আসন বিন্যাসে কিছুটা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।
নবম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে প্রথম সারিতে ৯টি এবং দ্বিতীয় সারিতে ১০টি আসন দেন বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
পরে নতুন স্পিকার আবদুল হামিদ শপথ নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করে বিএনপিকে প্রথম ও দ্বিতীয় সারিতে ৪টি করে আসন দেন।
আওয়ামী লীগ বলছে বিএনপির প্রাপ্ত আসনের তুলনায় তা যথার্থ। তবে এ যুক্তি বিএনপি মানতে চাইছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/এএল/এসকে/১৯০৫ঘ.
bdnews24