ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংসদ নির্বাচনের সময় 'মিথ্যা প্রতিশ্র"তি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার' অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার পল্টন ময়দানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 'আলাদিনের চেরাগ নিয়ে ক্ষমতায় আসিনি যে এ কয়দিনের মধ্যে সবকিছু ঠিক করে ফেলব'- শেখ হাসিনার এ বক্তব্যের সমালোচনা করে দেলোয়ার এ অভিযোগ করেন।
দেলোয়ার বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপি মহাসচিব শেখ হাসিনার উদ্দেশে বলেন, "তাহলে কেন নির্বাচনের সময় আপনি জনগণকে বিভ্রান্ত করেছেন? ১০টাকা কেজি চাল, বিনামূল্যে সার এবং প্রতি পরিবারের অন্তত একজন সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে- আপনিই বলেছিলেন। এটা যে পূরণ করা সম্ভব নয় তা জানতেন না?"
আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ১০ টাকা কেজি চাল ও বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্র"তি না দেওয়ার দাবি করলেও বিএনপি ও তার মিত্ররা তাদের এ কথিত 'নির্বাচনী অঙ্গীকার' পালন করার জন্য প্রায়শই তাগিদ দিয়ে আসছে।
বিএনপি মহাসচিব সরকারি দলের প্রতি তাদের 'মানসিকতা ও আচরণ' পরিবর্তনেরও আহ্বান জানান।
খোন্দকার দেলোয়ার বলেন, "এমন অবস্থার সৃষ্টি করবেন না যাতে চরম কোন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই এবং সংসদ একদলীয় হয়ে পড়ে।"
এক প্রশ্নের জবাবে বিভিন্নস্থানে ছাত্রলীগের দলীয় কোন্দলের উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "ছাত্রলীগ কী করছে তা দেশবাসী দেখছে। আমাদের কর্মীরা তো পলাতক। বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট থেকে শুরু করে সব জায়গায়ই দখলদারিত্ব চলছে।"
প্রশাসনে রদবদলের সমালোচনা করে তিনি বলেন, " সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বদলি আতঙ্কে। বিশেষজ্ঞ ডাক্তারদেরও ওএসডি করা হচ্ছে। এটা আওয়ামী লীগের একচোখা নীতি।"
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির 'আগ্রহের' কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "আমরা বিরোধীদল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। কিন্তু সরকারি দল এমন পরিবেশ সৃষ্টি করছে যাতে বিরোধী দল সংসদে যেতে না পারে। তাদের আচরণে মনে হচ্ছে দেশকে তারা বিরোধীদল শূন্য করার অভিযানে নেমেছে।"
সংসদের স্থায়ী কমিটিতে বিরোধীদলের সদস্যদের যে তালিকা দেওয়া হচ্ছে সরকারি দল তা ইচ্ছেমতো পরিবর্তন করছে বলেও অভিযোগ করেন তিনি।
দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা নির্যাতন, হামলা ও দখলদারির অভিযোগ তুলে ধরেন।
খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "অতীতের যেকোন সময়ের চেয়ে খালেদা জিয়ার নিরাপত্তা এখন অনেক বেশি স্পর্শকাতর। তবে সরকার এদিকে কোন কর্ণপাত করছে না।"
খোন্দকার দেলোয়ার দাবি করেন, হাসিনা বিরোধী দলের নেত্রী থাকার সময় তাদের সরকার তার নিরাপত্তায় ১২৫ জন পুলিশ মোতায়েন করেছিল। অথচ খালেদা জিয়ার জন্য এখন তার দশ ভাগের একভাগও দেওয়া হচ্ছে না।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর সাবেক বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
খালেদা জিয়ার ঢাকা সেনানিবাস এলাকার বাসভবনে তার ব্যক্তিগত চিকিৎসক, বিশেষ সহকারী ও স্বজনদেরও যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আমীন, চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়কারী ফজলে এলাহী আকবর, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, হাবিবুল ইসলাম, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও চেয়ারপারসনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এএল/এইচএ/২০২১ঘ.
bdnews24