২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে: স্পিকার

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংসদে মঙ্গলবার অনির্ধারিত আলোচনা হয়েছে। স্পিকার আব্দুল হামিদ বলেছেন, সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংসদে মঙ্গলবার অনির্ধারিত আলোচনা হয়েছে। স্পিকার আব্দুল হামিদ বলেছেন, সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। এর কোনো বিকল্প নেই। শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এ 'মুহূর্র্তে অগ্রসর না হওয়ার' জন্য সফররত পাক প্রেসিডেন্টের দূতের পরামর্শ প্রসঙ্গে বলেন, "বাংলাদেশের মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ তখন এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেওয়া যায় না।" এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি স্পিকারের রুলিং দাবি করেন। বিষয়টি নিয়ে পাঁচ সাংসদের বক্তব্যের পর স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। এটা করতে সরকার এখন বাধ্য। কারণ যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। আমরা বেঁচে থাকলে এ বিচার না হওয়ার কোন সুযোগ নেই। কে কি বলল তাতে কিছু আসে যায় না।" সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, "বিদেশি অতিথি এসে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলে গেলো, এখন তাকে মাফ চাইতে হবে।" তিনি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আওয়ামী লীগের ইশতেহারেই ছিল। নির্বাচনের পর এটি জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। যার প্রতিফলন পড়েছে জাতীয় সংসদে।" পররাষ্ট্রমন্ত্রী বলেন, "টেলিভিশন দেখে আমি যদ্দুর বুঝেছি তাতে মনে হয়েছে যে পাকিস্তানী মেহমান পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছেন।" এরপর এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, "বিদেশী মেহমান এসে অপমান করে যাবে তা হবে না। তিনি পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, "পররাষ্ট্রমন্ত্রীকে বলবো বিদেশী মেহমান যেন দেশ ছাড়ার আগে মাফ চেয়ে যান।" এর আগে গত ২৯ জানুয়ারি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নবম জাতীয় সংসদ সর্বসম্মভাবে সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দিন বলেছিলেন, "অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে। বিচার হবেই। বিচার আমরা করবোই।" সবার শেষে স্পিকার নিজেও বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে সংসদ সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। এ বিচার হতেই হবে। এর কোন বিকল্প নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/২৩১৩ঘ.