ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদে সরকারি দলের আকার বৃহৎ হলেও তারা (আওয়ামী লীগ) বড় মনের পরিচয় দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় খালেদা জিয়া এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আবদুল হামিদের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় খালেদা জিয়া বলেন,'' আমরা সংসদে গিয়ে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকারি দল আমাদের বসার আসন কেড়ে নিয়ে সংসদে ভূমিকা রাখতে বাধা দিচ্ছে। আমাদের সংসদে যাওয়ার পথকে এভাবে তারা রুদ্ধ করছে। সংসদে সরকারি দলের আকার বৃহৎ হলেও তারা বড় মনের পরিচয় দিতে পারছে না।"
খালেদা জিয়া প্রতিনিধি দলটির কাছ থেকে দেশের বর্তমান অবস্থা, সংসদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে মতামত শোনেন।
শিক্ষক সমাজকে 'জাতির বিবেক' হিসেবে আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, '' জাতির ক্রান্তিকালে আপনারা যেভাবে অতীতে ভূমিকা রেখেছেন, আগামীতে রাখবেন-এটা আমরা প্রত্যাশা করি।"
নির্বাচনে কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করার পাশাপাশি আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড জনমনে হতাশা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনের পর সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর সরকারি দলের 'হামলা-নির্যাতনের' চিত্র তুলে ধরে খালেদা বলেন, '' তারা আমাদের নেতা-কর্মীদের ওপর অত্যাচার করছে। এ পর্যন্ত অর্ধশতাধিক নেতা-কর্মীকে তারা হত্যা করেছে। তাদের অত্যাচারের ছোবল থেকে সংখ্যালঘুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।''
খালেদা জিয়া দেশের 'স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়' সব জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহবান জানান। তিনি বলেন,'' আমাদের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সকলকে সজাগ থাকতে হবে।''
এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ এবং সাক্ষাতকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫১ঘ.
bdnews24