ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের প্রচলিত আইনেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে বলে মত দিলেন সাবেক আইনমন্ত্রী বিএনপি নেতা মওদুদ আহমেদ।
ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ আওতায় বিচার করতে গেলে ওই আইনের 'অপব্যবহার' হতে পারে বলে তার ধারণা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে 'যুদ্ধাপরাধ : স্বাধীন বিচার ব্যবস্থ্'া শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। এ বৈঠকের আয়োজন করে 'নাগরিক ফোরাম' নামের স্বল্প পরিচিত একটি সংগঠন।
মওদুদ আহমেদ বলেন, "ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ একটি আরবিট্রেরি আইন। এটি যেখানেই প্রয়োগ করা হয়েছে, সেখানেই অপব্যবহার হয়েছে। তাই যুদ্ধাপরাধীদের বিচার করতে এই আইন প্রয়োগ করা হলে এখানেও অপব্যবহার হতে পারে।"
অপব্যবহারের সুযোগ থাকার কারণেই গত ৩৭ বছরে এই আইনকে কার্যকর করা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু, স্বচ্ছ ও স্বাধীনভাবে বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রচলিত আইনেই বিচার করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে।"
আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার করার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। যুদ্ধাপরাধীদের বিচার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সেটাও ব্যর্থ হবে।"
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গুরুত্বপূর্ণ শরীক জামায়াতে ইসলামীর শীর্ষ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
বিএনপির এ নেতা আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী অভিযান হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের তাগিদ দিয়ে মওদুদ বলেন, "মুজিব হত্যা মামলার মতো রাজনৈতিকভাবে এটিকে যেন বেশি সময় নিয়ে না করা হয়। এখনি টার্গেট করুন। প্রমাণাদি হাতের মধ্যে আনুন। দ্রুত বিচার করে ইস্যুটা শেষ করে ফেলেন।
তবে যুদ্ধাপরাধীদের বিচার করা 'খুব কঠিন' মন্তব্য করে তিনি বলেন, "এর জন্য প্রচুর তথ্য-উপাত্ত প্রয়োজন। আমাদের সময়ে এত তথ্য-উপাত্ত সংগ্রহ করে এত বড় বিচার করা সম্ভব ছিল না।"
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া, হামিদুল্লাহ খান বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, কলাম লেখক মাহবুব উল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এসকে/২০০০ঘ.
bdnews24