ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সাংসদদের সম্পৃক্ত করার বিষয়ে জোর দিতে সরকার ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
সম্পূরক প্রশ্নে নওগাঁ- ২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার স্থানীয় উন্নয়নে ভারতের মতো বাংলাদেশেও সাংসদদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, "স্থানীয় উন্নয়ন কর্মকান্ডে সংসদ সদস্যদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধনের পরিকল্পনা নিয়েছে।"
নির্বাচনের সময় এলাকায় সাংসদদের বিভিন্ন অঙ্গীকারের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "আমরা প্রত্যেকেই সেসব অঙ্গীকার পূরণ করতে চাই। কিন্তু স্থানীয় উন্নয়নের জন্য সংসদ সদস্যদের অনুকূলে থোক বরাদ্দের কোনো ব্যবস্থা বর্তমানে চালু নেই। প্রতিবেশী ভারতে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। সেখানে প্রত্যেক সাংসদ ২ কোটি টাকা করে থোক বরাদ্দ পেয়ে থাকেন। সেই অর্থ দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকে স্থানীয় সরকার।"
তিনি বলেন, "আমরা চাই সংসদ সদস্যরা স্থানীয় উন্নয়নে সমন্বয়কের ভূমিকা পালন করবেন। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জারিকরা অধ্যাদেশে সেই সুযোগ রাখা হয়নি। এ কারণে বর্তমান সরকার ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সামান্য সংশোধনের মাধ্যমে সাংসদের স্থানীয় উন্নয়নে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে।"
এসময় সাংসদরা টেবিল চাপড়িয়ে মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন।
আশরাফ আরো বলেন, "উন্নয়নের ক্ষেত্রে 'লেভেল প্লেয়িং ফিল্ড' করা হবে। তারপর, সুষম উন্নয়ন করা হবে।"
সংসদে একমাত্র স্বতস্ত্র সাংসদ ফজলুল আজীমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "নিকট অতীতে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে; কোনো কাজ হয়নি। যা করা হয়েছে সে কাজের মান অত্যন্ত খারাপ।"
শেখ হাসিনার সরকারের আমলে উন্নয়নের নামে অর্থ বরাদ্দ করে 'লুটপাট' হবে না- এই নিশ্চয়তা দিয়ে সৈয়দ আশরাফ বলেন, " এই সরকার টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এইচএ/১৯৪৬ঘ.
bdnews24