২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন বদলে আনসার ভিডিপির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে একটি আধুনিক দারিদ্র্যমুক্ত, উন্নত দেশে রূপান্তরের অঙ্গীকার করেছি। এই ইশতেহারে আমরা দিন বদলের কথা বলেছি। আমাদের দিন বদলের কর্মসূচি বাস্তবায়নের এ যাত্রালগ্নে দেশপ্রেমিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছি।" গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে রোববার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৯তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, "দেশে প্রায় ৫০ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছে। তারা সবাই সুশৃঙ্খল এবং কম-বেশি প্রশিক্ষিত। আমি মনে করি এ বাহিনীর মধ্যে লুকিয়ে আছে অনেক সম্ভাবনা। এ বাহিনীকে পরিকল্পিত ভাবে দেশ গঠনে কাজে লাগাতে পারলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো।" জাতীয় অগ্রযাত্রা, উন্নয়ন, স্বনির্ভরতা, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, গণশিক্ষার প্রসার, সন্ত্রাস দমন, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষাকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করে প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান। অঙ্গীভূত আনসারদের দৈনিক ভাতা ন্যুনতম ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করার ঘোষণা দেন তিনি। এ সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী । তিনি আনসার একাডেমির ১০০ শয্যার হাসপাতালকে মেয়েদের জন্য নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯ টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণের সময় তার সঙ্গে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এটিএম আমিন। প্যারেড পরিচালনা করেন উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান চলাকালে ৫৭০ জন মহিলা আনসার সদস্যের একটি দল মাঠের এক পাশে আকর্ষণীয় গ্যালারি ডিসপ্লেতে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য আব্দুর রহিম ও আব্দুর ছবুরকে রাষ্ট্রপতি আনসার পদক ও আব্দুল আজিজকে রাষ্ট্রপতি ভিডিপি পদক দেন। তিনি একাডেমির লেকের পাড়ে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। একাডেমি থেকে বিদায় নেওয়ার আগে শেখ হাসিনা কুটির শিল্প ও হাসপাতাল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/১৯০৩ঘ.