২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় পুলিশের 'নিষ্ক্রিয়তার' অভিযোগ

মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদসহ জামায়াতে ইসলামীর ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা ২টি মামলায় গত ১৫ মাসেও প্রতিবেদন পাঠায়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদসহ জামায়াতে ইসলামীর ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা ২টি মামলায় গত ১৫ মাসেও প্রতিবেদন পাঠায়নি পুলিশ। মামলার এ সময়ের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত প্রায় ১৪টি তারিখ ধার্য করে দেন। কিন্তু পুলিশ একটি ধার্য তারিখেও তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে কিছু জানায়নি। এ নিয়ে এ মামলার আইনজীবী এড. আবু মো. আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মন্তব্য করেন, "পুলিশি রাজত্বের এ যুগে আদালতও অসহায়। ইচ্ছামত তারা মামলার তদন্ত করে থাকেন।" কেরানীগঞ্জ ও পল্লবী থানা সূত্রে জানা গেছে, দু'টি মামলাতেই সব আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের চিন্তা ভাবনা করছে পুলিশ। এ সম্পর্কে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান নিজামী ও মুজাহিদসহ ১৩ জন এবং ২০০৮ সালের ২৪ জানুয়ারি মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা ১০ জনের বিরুদ্ধে আদালতে এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১০৬ঘ.