২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করল আদালত

বারবার সময় চাওয়ায় ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বারবার সময় চাওয়ায় ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে দিয়েছে আদালত। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মাসদার হোসেন রোববার সকালে প্রধান পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমানকে সতর্ক করে দিয়ে বলেন, "১৩৫ কার্যদিবসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করার বিধান রয়েছে। এরই মধ্যে ৯০টির মতো কার্যদিবস পেরিয়ে গেছে। অথচ মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।" তিনি বলেন, "এভাবে সময় চাইতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে বিচারকাজ শেষ করা সম্ভব হবে না।" এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলার পরবর্তী তারিখে দুই নম্বর সাক্ষীকে হাজির করবেন বলে বিচারককে জানান। বিচারক এ মাসের ১২ তারিখ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। রোববার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহম্মদ সিদ্দিক এবং অবসরপ্রাপ্ত মেজর সোয়েব আহম্মদ তরিকুল্লাহর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষী হাজির নেই জানিয়ে আদালতের কাছে সময় চান। এর আগে গত ২ ফেব্র"য়ারি মামলার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু সেদিনও রাষ্ট্রপক্ষ আদালতে কোন সাক্ষী হাজির না করায় বিচারক মো. মাসদার হোসেন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন ৮ ফেব্র"য়ারি। গত ২৭ জানুয়ারি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন হত্যা ও বিষ্ফোরক দ্রব্য আইনে সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে আদালতে পৃথক দু'টি অভিযোগপত্র দাখিল করে। ২২ আসামির মধ্যে পলাতক রয়েছেন ৮ জন। বিগত জোট সরকারেরর উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ বাকিরা কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/টিআর/১৬২৪ঘ.