ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আদালতে মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা এডিআর ব্যবস্থা চালু করার লক্ষ্যে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করার জন্য একটি কমিটি গঠন করবে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এডিআর ব্যবস্থা চালু করার জন্য প্রধান বিচারপতির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তার সঙ্গে এ ব্যাপারে আরও আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।"
অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউসন বা এডিআর এমন একটি বিচার পদ্ধতি যার মাধ্যমে বাদি ও বিবাদিরা আদালতের বাইরে আইনজীবীর মধ্যস্থতায় তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই এ ব্যবস্থা চালু রয়েছে।
মন্ত্রী বলেন, "সারাদেশের আদালতে প্রায় ২ লাখ ৯৩ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এতে একদিকে যেমন বিচারপ্রার্থীদের বিচার পেতে বিলম্ব হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।"
তিনি বলেন, উচ্চ ও নিম্ন, উভয় আদালতেই এডিআর ব্যবস্থা চালু করা হবে। এতে দেওয়ানী ও কম গুরুত্বপূর্ণ ফৌজদারী মামলাগুলোও নিষ্পত্তি করা সম্ভব হবে। তবে এজন্য জনগণকে সচেতন হতে হবে। তাহলেই এডিআর ব্যবস্থা চালু করা সহজ হবে।
সাবেক চারদলীয় জোট সরকারও এডিআর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিল। তারা কেন পারেনি, এই প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, "ওই সময় এ জন্য যে তহবিল গঠন করা হয়েছিল তা সঠিকভাবে কাজে না লাগানোয় তারা এডিআর ব্যবস্থা চালু করতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/এসকে/২০৪২ঘ.
bdnews24