ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধী দু'দিনের সফরে মঙ্গলবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন।
বিকেলেই ব্র্যাকের তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করতে রাজধানীর অদূরে সাভার যান প্রিয়াংকা।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা মোস্তফা কামাল জানান, "প্রিয়াংকাকে বহনকারী বিমান বিকেল ৪টার পরপর বিমানবন্দরে অবতরণ করে।"
বিমান বন্দরের কর্মকর্তারা জানান, তার আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
আততায়ীর হাতে নিহত ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়ার কন্যা প্রিয়াংকার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন। সফরকালে ব্র্যাকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন প্রিয়াংকা।
প্রিয়াংকা গান্ধী বিকেলেই ব্র্যাকের তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করতে রাজধানীর অদূরে সাভার যান। পরিকল্পনা অনুযায়ী প্রথমে তিনি চারাবাগ এলাকার প্রি-প্রাইমারী স্কুল পরিদর্শন করেন। এর পর তিনি কুমকুমারী এলাকার ব্র্যাক স্কুল পরিদর্শনে যান।
তিনি স্কুল দু'টির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশুনার খোঁজ-খবর নেন। তাদের গান শোনেন ও খেলাধুলা উপভোগ করেন। শিশুদের সারল্যমাখা নানা প্রশ্নেরও উত্তর দেন প্রিয়াংকা।
পরে প্রিয়াংকা খাগন এলাকার ব্র্যাক ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার পরিদর্শন করেন।
ব্র্যাকের এই তিনটি প্রতিষ্ঠানে যাওয়ার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানান। প্রিয়াংকাও গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভ্যর্থনার জবাব দেন।
প্রিয়াংকার সফর উপলক্ষে পরিদর্শন স্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, প্রিয়াংকা গান্ধীর সফর উপলক্ষে পরিদর্শনস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২০০৮ সালের ১ আগস্ট বাংলাদেশে এসেছিলেন প্রিয়াংকার বড় ভাই রাহুল গান্ধী। পাঁচদিনের ওই সফরে তিনি গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এফএফ/টিআর/এইচএ/এসকে/২০০৬ ঘ.
bdnews24