ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়ার্কার্স পার্টির দলত্যাগী নেতা হায়দার আকবর খান রনো মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে শীর্ষ তিন নেতার নির্বাচন এবং সরকারে অংশগ্রহনের 'আগ্রহকে' আদর্শ বিচ্যুতি আখ্যায়িত করে বলেছেন, ৩০ বছর আগে কাজী জাফর যে কাজটি করেছিলেন, রাশেদ খান মেননও আজ তারই পথ ধরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে বসে দলে বিভক্তি নিয়ে কথোপকথনকালে প্রবীণ এই কমিউনিস্ট নেতা বলেন,"ওয়ার্কার্স পার্টি আর কমিউনিস্ট পার্টি নেই। এ দল কমিউনিস্ট নৈতিকতা ও চরিত্র বিসর্জন দিয়েছে।"
ওয়ার্কার্স পার্টির তার নেতৃত্বাধীন অংশটির নাম বদলানো হবে জানিয়ে রনো বলেন,"পার্টিকে হতে হবে 'রি-অর্গানাইজড, রি-ওরিয়েন্টেড অ্যান্ড রি-ইউনিফাইড'। দেশের অন্য কমিউনিস্ট পার্টিগুলোর সঙ্গে ঐক্যের চেষ্টা করা হবে। আমার মনে হচ্ছে, এটিই হবে যথার্থ কাজ। নাম, ব্যক্তি, পদবী নিয়ে আমার উদ্যোগে কোনো সমস্যা হবে না।"
দলীয় শীর্ষ নেতাদের এই প্রবণতাকে এক সময়ের ফরাসী সমাজতান্ত্রিক নেতা মিলেরার বুর্জোয়া সরকারে যোগদানের ঘটনার ওপর কথিত মিলেরাবাদের সমার্থক সুবিধাবাদ বলেই মনে করেন রনো।
৩০ বছর আগের স্মৃতিচারণ করে রনো বলেন,"তৎকালীন ইউপিপি নেতা রাশেদ খান মেনন ও কাজী জাফর পার্টি ছেড়ে বিএনপিতে যাওয়ার জন্যে প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত কাজী জাফর দল ছেড়ে চলে যান। পরিবারের চাপ স্বত্ত্বেও মেনন যেতে পারলেন না। আজ মেনন নির্বাচনের জন্য নৌকা প্রতীক নিলেন এবং জিতে সরকারি দলের আসনেই বসছেন।"
মেননকে ছোট বেলার বন্ধু উল্লেখ করে তিনি বলেন, "কমপ্রমাইজ করে মাঝে মাঝে থাকতে হয়। আবার কমপ্রমাইজ করলে আলটিমেটলি ক্ষতিও হয়। বর্তমান অবস্থানে আপাতত দলের ক্ষতি হল।"
দৃশ্যত ছোট বেলার বন্ধুকে ইঙ্গিত করে বুর্জোয়া সরকারের মন্ত্রী হওয়ার আগ্রহকে 'আত্মমর্যাদাহীন' বলেও মন্তব্য করেন তিনি।
নিজের সিদ্ধান্তের কারণ 'আদর্শগত ও নৈতিকতাপ্রসূত' বলেই মনে করেন তিনি।
দলছেড়ে দেওয়ার পটভূমি ব্যাখ্যা করে হায়দার আকবর খান রনো বলেন,"মৌলবাদীদের ঠেকাতে যা যা করা দরকার, তা তা করবো। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগকে নির্বাচনে সমর্থনও দেয়া যায়। এরমানে এ নয় যে, সরকারে যেতে তদ্বির করতে হবে, ওদের প্রতীক নিতে হবে, মন্ত্রিসভায় যেতে হবে।"
২০০৬ সালের ২২ জানুয়ারি (বাতিলকৃত) নির্বাচনের আগে ওয়ার্কার্স পার্টির অবস্থান তুলে ধরতে গিয়ে রনো জানান, ওই সময়ে নির্বাচনকে সামনে রেখে দলটি মহাজোটে যোগ দেয় এবং নৌকা প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সেসময় তিনিসহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এর বিপক্ষে ছিলেন।
তিনি বলেন,"জরুরি অবস্থার সময় গোপনে সেন্ট্রাল কমিটির এক বৈঠকে ওই সিদ্ধান্তকে পলিটব্যুরোর ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দেওয়া হয় এবং তা পশ্চাদপসরণ বলে মত দেওয়া হয়। এ অবস্থায় ২০০৮-এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় জানানো হয়, নৌকা প্রতীকও নেবে না এবং মহাজোটেও যাবে না দলটি। নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণার পর পলিটব্যুরো আমাদের চারজনের বিরোধিতা সত্ত্বেও মহাজোটের হয়ে নিজ দলের প্রতীক বাদ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়।"
তার দাবি, এটি গঠনতন্ত্র বিরোধী, কেননা পলিটব্যুরো সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত লংঘন করে কিছু করতে পারবে না।
রনো জানান, কেন্দ্রীয় কমিটির বৈঠক ৬ ডিসেম্বর থাকলেও তা বাতিল করে তড়িঘড়ি ২ ডিসেম্বর পলিটব্যুরো সিদ্ধান্ত নেয় নৌকা প্রতীকে নির্বাচন করার। তাতে বিরোধিতা করেও কোনো লাভ হয়নি।
এখনো আদর্শ আগলে রাখা প্রবীণ এই মার্কসবাদী বলেন,"বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ স্পেকুলেটিভ ক্যাপিটাল বা অনুমিত পুঁজি।" এটিকে পুজিবাদের অনিবার্য সংকট বলেই মনে করেন তিনি।
জীবনের এবেলায় এসে সহযোদ্ধাদের 'বিচ্যুতিতে' হায়দার আকবর খান রনোর কন্ঠে কিছুটা হলেও হতাশা, "খুব আদর্শনিষ্ঠ পার্টি করা গেল না। তবুও হাল ছাড়ি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/২৩০৪ঘ.
bdnews24