ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সময় উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে আগে কাজ করে উন্নয়নের 'লেভেল প্লেয়িং ফিল্ড' এর সৃষ্টি করা হবে। তারপর সব এলাকার সুষম উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সংসদে প্রশ্ন - উত্তর পর্বে তিনি বলেন, "আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। তবে এর আগে লেভেল প্লেয়িং ফিল্ডের সৃষ্টি করা হবে। সবগুলো এলাকাকে উন্নয়নের দিক দিয়ে একই স্তরে নিয়ে আসা হবে। তারপর সুষম উন্নয়নের দিকে নজর দেয়া হবে।"
এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, চারদলীয় জোট সরকারের সময় নড়াইল জেলা উন্নয়ন বঞ্চিত হয়েছে। তিনি বলেন, "পুরো দেশের উন্নয়নে সমতা আনার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিতে যাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে উন্নয়নের দিক দিয়ে অন্যান্য জেলার সঙ্গে বঞ্চিত জেলাগুলোর সমতা আসবে।"
কিশোরগঞ্জ ও গোপালগঞ্জের জন্য অতিরিক্ত বরাদ্দের ইঙ্গিত দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "জোট সরকারের সময় বিশেষ বিশেষ অঞ্চল উন্নয়ন বঞ্চিত হয়েছে। মাননীয় স্পিকার, ২০০১ সালের নির্বাচনে আপনার জেলা কিশোরগঞ্জে সাতটি আসনের মধ্যে আওয়ামী লীগ পাঁচটি আসন পেয়েছিল। আর গোপালগঞ্জে তিনটি আসনের মধ্যে তিনটিই পেয়েছিল আওয়ামী লীগ। এজন্য এ জেলাগুলোসহ আরো অনেক এলাকা উন্নয়ন বঞ্চিত হয়।"
এর আগে স্পিকার আব্দুল হামিদ তাকে ধন্যবাদ না জানানোর জন্য সাংসদদের প্রতি আহবান জানান।
প্রশ্ন - উত্তর পর্বে প্রত্যেক সাংসদই প্রশ্ন ও সম্পূরক প্রশ্ন করতে গিয়ে স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এজন্য সৈয়দ আশরাফের উত্তরের আগেই স্পিকার বলেন, "দয়া করে আমাকে ধন্যবাদ জানাবেন না। আমাদের সময় অনেক কম। সময় বাচাঁতে হবে। আপনারা প্রথম দিনই আমাকে ধন্যবাদ জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/১৯২০ ঘ.
bdnews24