২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে রাজপথে নামার ইঙ্গিত বিএনপির

নির্বাচনে বিপর্যয়ের পর ২০০৯ সালের মাঝামাঝিতে এসে দল গোছানোর কাজে হাত দেয় প্রধান বিরোধী দল বিএনপি। বছরের শেষ দিকে এসে কাউন্সিল করে নতুন কমিটিও গঠন করা হয়। এখন সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আগামী বছর শুরুর ইঙ্গিত দিচ্ছেন বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বিপর্যয়ের পর ২০০৯ সালের মাঝামাঝিতে এসে দল গোছানোর কাজে হাত দেয় প্রধান বিরোধী দল বিএনপি। বছরের শেষ দিকে এসে কাউন্সিল করে নতুন কমিটিও গঠন করা হয়। এখন সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আগামী বছর শুরুর ইঙ্গিত দিচ্ছেন বিএনপি নেতারা। সরকারের প্রথম বছরে রাজপথে খুব সোচ্চার ভূমিকায় দেখা না গেলেও সরকারের সমালোচনার ধারা অব্যাহত রাখে বিএনপি। তবে সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার পর পরের অধিবেশনগুলোতে আর যায়নি তারা, নতুন বছরের প্রথম অধিবেশনেও না যাওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন বিএনপি নেতারা। বছর শেষের মূল্যায়নে কাউন্সিল করাকেই বড় সাফল্য বলে মনে করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আর আন্দোলনের ইঙ্গিত দিয়ে বিএনপি নেতারা বলেছেন, সরকারের ব্যর্থতায় জনগণের আজ নাভিঃশ্বাস উঠেছে। ২০০৯ সালকে 'সাংগঠনিক বছর' ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু বছরের মাঝামাঝি পর্যন্ত সে ধরনের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে জুন মাসেই ভেঙ্গে দেওয়া হয় ৭৫টি জেলা কমিটির ৭২টি। কেন্দ্রীয় কাউন্সিলের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন স্থানেই দেখা দেয় অন্তর্কোন্দল। এজন্য ২৭টি জেলায় কাউন্সিলই করা যায়নি। জেলা কমিটি গঠন নিয়ে সংঘাতও বাঁধে অনেক স্থানে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেও থামেনি কোন্দল। ১৬ বছর পর ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল হয়। গঠনতন্ত্র সংশোধন করে নতুন পদ সৃষ্টি করে 'সিনিয়র ভাইস চেয়ারম্যান' পদে নির্বাচিত করা হয় তারেক রহমানকে। পুনগর্গঠন করা হয় দলের স্থায়ী কমিটি। সংখ্যা বাড়ানোর পর ১৯ সদস্যের ওই কমিটিতে নতুন এসেছেন তারেকসহ ১২ জন। সাত যুগ্ম মহাসচিব পদের সবাই প্রথম এ পদে এলেন। সিঙ্গাপুরে অবস্থানরত খোন্দকার দেলোয়ার বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি দল ও প্রশাসনের নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি একটি সফল কাউন্সিল করতে পেরেছে। কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন করছেন। এটা বিএনপির অন্যতম সাংগঠনিক সফলতা বলে আমি মনে করি।" বিভিন্ন বিষয়ে সরকারকে সহায়তা করার কথা বলে সংসদে যোগ দিলেও খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে সরকারের সমালোচনা মুখর হয় বিএনপি। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ওই বাড়িটির ইজারা সরকার বাতিল করলে তা নিয়ে আদালতেও যান খালেদা। ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও তারপর থেকে টানা সংসদ বর্জন করে আসছে বিএনপি। সংসদের সামনের সারিতে আসন বণ্টন নিয়ে ক্ষোভের শুরুটা হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় খালেদার বাড়ি ইস্যুটিও। বছর শেষে এসে বিএনপি নেতারা বলেন, সরকারি দল বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। সংসদে ফেরারও 'পরিবেশ' নেই। সরকারের বছরের কার্যক্রমের সমালোচনা করে দেলোয়ার বলেন, "বিরোধী দলকে দমন-পীড়ন ছাড়া সরকারের সাফল্য কিছুই নেই। তারা দেশকে মহা সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। দেশের স্বার্থবিরোধী নানা চুক্তির ষড়যন্ত্র চলছে।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। প্রশাসনে দলীয়করণ চলছে।" দ্রব্যমূল্যের সাধারণের নাগালের বাইরে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলছেন, এক্ষেত্রে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। সারাবছর ধরে সরকারবিরোধী আন্দোলনের কথা তেমন একটা না বললেও কাউন্সিলে এসে আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয়কর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা। এরপর দলীয় নেতারাও বিভিন্ন সভায় আন্দোলনের কথা বলতে শুরু করেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ বলেন, এক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সর্বোপরি বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়ন যেভাবে হয়েছে, তা আওয়ামী লীগে একদলীয় বাকশালী চরিত্র প্রকাশিত হয়েছে। এর বিরুদ্ধে জনগণই রাজপথে নামবে। আন্দোলনের ইঙ্গিত দিয়ে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "আমাদের নেত্রী শুরু থেকেই সরকারকে সহযোগিতার কথা বলেছিলেন। কিন্তু সরকার সাড়া দেয়নি। তাদের অপশাসনের সাফল্যে পুরো দেশের মানুষের আজ নাভিঃশ্বাস উঠেছে। তাই আন্দোলনের বিকল্প কী?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১১৯ ঘ.