ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি নয়াদিল্লির পথে ঢাকা ছাড়বেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ভারত সফর সূচি জানান।
এ বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর।
গত ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা থাকলেও কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনের কারণে তা পেছানো হয়।
দীপু মনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে চারদিনের। সফরকালে তিনি তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পানিসম্পদ সচিব আগামী ৩ জানুয়ারি ঢাকা আসছেন।"
বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের ক্ষেত্রে তিস্তা একটি গুরুত্বপূর্ণ নদী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ৭ লাখ ৫০ হাজার হেক্টর জমির সেচ কার্যক্রম তিস্তার পানির ওপর নির্ভরশীল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭১৩ ঘ.
bdnews24