২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদে ফিরতে চাই, পরিবেশ তৈরি করুন'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সংসদে যেতে চাইলেও সরকারি দল তাদের ফেরার 'পরিবেশ' তৈরি করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সংসদে যেতে চাইলেও সরকারি দল তাদের ফেরার 'পরিবেশ' তৈরি করছে না। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপি প্রথম অধিবেশনের পর থেকে নবম জাতীয় সংসদ বর্জন করে আসছে। মির্জা ফখরুল বলেন, "আমরা (বিএনপি) সংসদে ফিরে যেতে চাই। বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, ধ্বংস করতে চায় না। "আমরা বার বার সংসদে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও সরকার পরিবেশ তৈরি করছে না। তাদের এক বছরের কর্মকাণ্ডে তা প্রকাশ পাচ্ছে।" বিরোধী দলের ওপর নির্যাতন এবং জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে আসন্ন শীতকালীন অধিবেশনেও যোগ না দেওয়ার ইঙ্গিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কয়েকদিন আগে দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। রেওয়াজ অনুযায়ী বছরের শুরুর এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সামনের সারিতে আসন বণ্টন নিয়ে বিএনপির সংসদ বর্জন শুরু হয়। পরে এর সঙ্গে আরো নানা দাবি যুক্ত হয়। বিএনপির পাশাপাশি তাদের জোট শরিক জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টিও (বিজেপি) সংসদে যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমআই/১৩১৫ ঘ.