নোয়াখালী, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাননা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
তিনি বলেছেন, পত্র-পত্রিকায় লেখা হচ্ছে আমি এটা চেয়েছিলাম ওটা চেয়েছিলাম, পাইনি বলে ক্ষুব্ধ। পত্র পত্রিকাকে বলতে চাই, আমি মুসলমান। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইনা। আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিয়েছেন।
রোববার নোয়াখলী জেলা স্কুল মাঠে এক জনসভায় একথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি। জোট সরকারে 'তেমন কোনও' পদ না পাওয়ায় এরশাদ ক্ষুব্ধ বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।
এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির থেকে নির্বাচিত সাংসদ জিএম কাদের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
জনসভায় সাবেক রাষ্ট্রপতি বলেন, "আগামী নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ যাতে সরকার গঠন না করতে পারে সে প্রস্তুতি তাদের নিতে হবে।"
তিনি বলেন, "এবার আমরা ২৯ আসনে নির্বাচন করে ২৭ টিতে জয়লাভ করেছি। আর অনেকেই ৩০০ আসনে করে ২৯টি পেয়েছে। আগামীতে আমাদের ৮০ থেকে ১০০টি আসন পেতে হবে, যাতে আমাদের ছাড়া কেউ সরকার গঠন না করতে পারে।"
এসময় এরশাদ দাবি করেন তার দল জাতীয় পার্টিই বাংলাদেশী জাতীয়তাবাদের ধারক।
তিনি বলেন, "বাংলাদেশের রাজনীতির দুই ধারা। একটি বাঙালি জাতীয়তাবাদ, অন্যটি বাংলাদেশী। এখন প্রশ্ন হলো বাংলাদেশী জাতীয়তাবাদের ধারক কারা।
"জাতীয় পার্টিই বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করে," দাবি করেন তিনি।
হুসেইন মুহাম্মদ এরশাদ আরো বলেন, তার সময় চেন্ডারবাঁজি, চাঁদাবাজি ছিল না এবং দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে। ওই অবস্থায় আবার ফিরে আসার জন্য জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জিএনএ/১৯০১ ঘ.
bdnews24