২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে না ফেরার ইঙ্গিত বিএনপির

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনেও যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকারি দল রাখেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনেও যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকারি দল রাখেনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি দল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "পরিবেশে তৈরি করলেই বিএনপি সংসদে ফিরে যাবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা সংসদে যেতে চাই।" আগামী ৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। এ অধিবেশনটি বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেদিন সংসদে ভাষণ দেবেন। নবম সংসদের প্রথম অধিবেশনে বিএনপি যোগ দিলেও এরপর থেকে বর্জন করে আসছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেলোয়ার সরকারের সমালোচনা করে বলেন, "জনগণের কল্যাণে সরকার কিছুই করছে না। সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশে কোনো বিনিয়োগ নেই। কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি। বিদেশে জনশক্তির বাজার কমে গেছে।" সরকার দেশের 'স্বার্থবিরোধী' চুক্তির পাঁয়তারা চালাচ্ছে দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের যে কোনো চেষ্টা বিএনপি প্রতিহত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে, তাও তদন্ত করার দাবি জানান দেলোয়ার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩৫ ঘ.