ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রথম সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের মতোই ব্যর্থ হচ্ছে।
বিভিন্ন স্থাপনা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলা এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে তা বন্ধেরও দাবি জানান তিনি।
গত ৮ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলের পর নতুন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে মনোনীত করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়। কাউন্সিল খালেদাকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিলো।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগ বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতোই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের রাজনীতি ও অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে।"
তারেক রহমানের বিরুদ্ধে সরকারি দলের অপপ্রচার চলছে অভিযোগ করে তা বন্ধ না হলে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
ফখরুল বলেন, "একটি সফল কাউন্সিলের মাধ্যমে যখন বিএনপি পুনরুজ্জীবিত হয়েছে তখনই একটি গোষ্ঠী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে দলের ওপর আঘাত হানতে চাইছে।"
সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়ার নাম মুছে ফেলতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, "জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে স্থান করে আছেন। যারা তার নাম মুছে ফেলতে চায়, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।"
বিএনপি নেতা সরকারকে গণতান্ত্রিক আচরণ ও সহনশীলতা প্রর্দশনেরও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তের দাবি জানান ফখরুল।
তিনি বলেন, "এ খবর প্রকাশের পর আমার দেশ পত্রিকার সম্পাদককে সরকারের মন্ত্রীরা হুমকি দিয়েছেন। এটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস।"
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন ও সাবেক ছাত্রদল নেতা এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24