চাঁদপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের বিএনপি সাংসদ হারুণ অর রশীদকে শুক্রবার তার এলাকাতেই দলীয় কর্মীদের অবরোধের মুখে পড়তে হয়েছে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা জানান, হারুণ ফরিদগঞ্জ উপজেলা সদরে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় নামকীর্তন পরিদর্শনের পর চাঁদপুর ফেরার পথে রাত ১০টার দিকে ফরিদগঞ্জ সদর চৌরাস্তা এলাকায় অবরোধের মুখে পড়েন।
হারুণ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ। চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে এ একটিতেই বিএনপি জয়ী হয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফরিদগঞ্জ চৌরাস্তায় বিএনপিকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাংসদের পথরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।"
গত ১ অক্টোবর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের পর থেকে ফরিদগঞ্জের বিএনপি নেতা-কর্মীরা সাংসদের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলো।
শুক্রবার রাতে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মনজিল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংসদ হারুণ কমিটিতে নিজের পছন্দের লোকদের নেওয়ায় কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে।"
এ বিষয়ে সাংসদ হারুণের প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24