ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন 'যেকোনো মূল্যে' তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীতে দলের এক বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।
দেলোয়ার বলেন, "এখন জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।"
বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে হাজারো নেতা-কর্মী যোগ দেন। এটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করে বিএনপি মহাসচিব বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে আজ একটি মহল ষড়যন্ত্র করছে। তারা দেশের স্বার্থবিরোধী কাজ করছে। ওই ষড়যন্ত্র রুখতে হবে।"
বিএনপি'র এই শোভাযাত্রায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ারগাড়ি, ব্যান্ড সঙ্গীত দল, মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে লড়াইরত মুক্তিযোদ্ধাদের প্রতীকীরূপ, পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের প্রতীকী চিত্র, কাগজের তৈরি কামান এবং সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি স্থান পায়।
একাত্তরে জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেন দেলোয়ার।
তিনি দেশের 'স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র' সম্পর্কে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহবান জানিয়ে বলেন, "এ ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রিজভী আহমেদ, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, যুব দলের কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ সেলিম, কাইয়ুম চৌধুরী, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতা, সাংসদ এবং অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯১২ঘ.
bdnews24