ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন 'উষ্ণতা বৃদ্ধির ধুয়া তুলে' জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের স্থানীয় এবং আঞ্চলিক 'অপরাধকে' আড়াল করার চেষ্টার বিরুদ্ধে সাবধান করে দিয়েছেন।
কোপেনহেগেনে চলমান জলবায়ু সম্মেলনের চূড়ান্ত পর্বের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশকে রক্ষায় 'বৈশ্বিক ঐক্য ও সংহতির' আহ্বান জানান। (বিস্তারিত)
বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাবে একটি আইনী বাধ্যকতামূলক দলিলে উন্নত দেশগুলোর ২৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের অঙ্গীকার, দুর্যোগ মোকাবেলার প্রযুক্তি সরবরাহ ও টেকসই উন্নয়নে সহযোগিতারও তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়াপার্সনের গুলশানের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
বিরোধীদলীয় নেতা বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদানকারী বিশ্বনেতাদের কাছে তার পাঠানো বিবৃতির কথা উল্লেখ করে বলেন,'' পৃথিবীর সব মানুষের মধ্যে ঐক্য ও সংহতি ছাড়া বাংলাদেশের একার পক্ষে এই ভয়াবহ বিপদ মোকাবেলা সম্ভব হবে না। বিশ্বব্যাপী এক্ষেত্রে ঐক্যের সম্ভাবনার সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।''
এছাড়া খালেদা জিয়া টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগের মতো বিতর্কিত 'পরিবেশ বিধ্বংসী' প্রকল্প থেকে বিরত থাকার জন্য প্রতিবেশী ভারতের প্রতি আহবান জানান।
কোপেনহেগেন সম্মেলনকে সামনে রেখে বিএনপির অবস্থান তুলে ধরে খালেদা জিয়া বলেন,'' আমরা তিনটি সহজ নীতিগত অবস্থান পেশ করছি। এক : সবার জন্য একটি বাধ্যতামূলক আর্ন্তজাতিক দলিল এই সম্মেলন থেকে আমরা পাব। এতে করে শতকরা ২৫ ভাগ কার্বন নির্গমন বন্ধ করতে উন্নত দেশগুলো অঙ্গীকার করবে। দুই : বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় কৃৎকৌশলের অবাধ প্রাপ্তি নিশ্চিত করা হোক এবং তিন : টেকসই উন্নয়নের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়ন অংশীদার দেশগুলো সহযোগিতা করুক।''
একই সঙ্গে তিনি 'উষ্ণতা বৃদ্ধির ধুয়া তুলে' জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের স্থানীয় এবং আঞ্চলিক 'অপরাধকে' আড়াল করার চেষ্টার বিরুদ্ধে সর্তকতা উচ্চারণ করেন।
খালেদা জিয়া বাংলাদেশের পরিবেশগত বিপর্যয়ের জন্য ভারতের বিতর্কিত টিপাইমুখ প্রকল্প ও ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রতিক্রিয়ার উল্লেখ করেন। নতুন প্রকল্পগুলো না করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
খালেদা বলেন," ফারাক্কার জন্য আজ বাংলাদেশ পানিশূন্য। তার ওপর টিপাইমুখ বাঁধ প্রকল্প বাস্তবায়নের পাঁয়তারা চলছে। প্রতিবেশী দেশ আন্তঃনদী সংযোগ প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও শুকিয়ে দেওয়ার পরিকল্পনা এঁটেছে।"
ভারতের সরকার প্রধানের কাছে তিনি এই ধরণের 'পরিবেশ বিধ্বংসী প্রকল্প' থেকে বিরত থাকার আহ্বান জানান যাতে 'আঞ্চলিক সহযোগিতা, সহমর্মিতা এবং শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে' সবাই একযোগে কাজ করতে পারে।
বাংলাদেশ সরকার ওই সম্মেলনকে 'ভিক্ষার ঝুলি পূর্ণ করার সুযোগ' ভেবে যেন দেশের অপমান না করেন সে ব্যাপারেও সতর্ক করে দেন তিনি।
কোপেনহেগেনে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য ধনীদেশগুলোর পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়া।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০৫ঘ.
bdnews24