চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের বাধার মুখে বুধবার বিজয় দিবসের কর্মসূচি পালন করতে পারে নি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা থেকে উপাচার্যসহ প্রায় ৩০ জন শিক্ষক-কর্মকর্তা বিজয় দিবসের শোভাযাত্রা বের করতে চাইলে উপাচার্যের বাসভবনের বাইরে অবস্থানরত ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়।
উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ছাত্রলীগ সেখানে আন্দোলন করছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যসহ অন্য শিক্ষকরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য বের হতে চাইলে আন্দোলনকারীরা বাধা দেয়। পরে আর সে কর্মসূচি পালন করা যায়নি।
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রোববার থেকে তার পদত্যাগের দাবিতে ছাত্রলীগ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। পাশাপাশি উপাচার্যের বাসভবন অবরোধ করে। পরদিন সোমবার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। তবে কিছু ছাত্র হল ত্যাগ করেনি।
উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকরা মিছিল নিয়ে বের হবার চেষ্টা করলে কিছু ছাত্র বাধা দিলে আমরা কর্মসূচি পালন না করে ফিরে আসি।"
ক্যাম্পাস ছাত্রলীগের আহবায়ক কমল কান্তি মজুমদার বলেন, "আমরা উপাচার্যকে ছাড়াই মিছিল বের করার জন্য শিক্ষক-কর্মচারীদের বলি। কিন্তু উপাচার্যসহ মিছিল বের করতে চাইলে আমরা তাতে বাধা দিই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২১০ঘ.
bdnews24