মেহেরপুর, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে গাংনীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বিজয় দিবসে বুধবার দুপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। আলাদা আরেকটি শোভযাত্রার নেতৃত্ব দেন সাবেক সাংসদ মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম।
গাংনী বাজারে দুটি শোভাযাত্রা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায় বলে পুলিশ জানায়। দুই পক্ষ পরস্পরের প্রতি ইট ছুড়তে শুরু করে।
কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে বলে স্থানীয়রা জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশের সঙ্গে র্যাবও যোগ দেয়।
গাংনী থানার ওসি সগীর মিয়া সাংবাদিকদের বলেন, "সংঘর্ষ থামাতে পুলিশ ও র্যাবকে হিমশিম খেতে হয়।"
তিনি বলেন, সংঘর্ষে এক পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
আহতরা হলেন- খোকন-খালেক সমর্থক কেরু (২০), মনোয়ার (৩০), মহিবুল (৩৮), মোফাজ্জেল (২৭), আলমগীর (২২), আনিছুর (৩৫), রবি (২৪), ইউনুছ (৪০), বাবু (৩৭), বান্টু (৩৮), হাজী মহসিন (৫৬), পারভেজ (৩৮), সেলিম (২২) এবং মকবুল সমর্থক নুরুল (৩৭), মহিবুল (৩৫), রবিউল (৩৫), ফারুক (৪০), আকাশ (৩৮) প্রমুখ।
আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, আহতের সংখ্যা প্রায় অর্ধশত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24