২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিবির নেতা তিনদিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন, বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে জড়িত সন্দেহে চাঁদপুরে আটক ছাত্রশিবির নেতাকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন, বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে জড়িত সন্দেহে চাঁদপুরে আটক ছাত্রশিবির নেতাকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে শিবির নেতা ইকবাল হোসেনকে হাজির করে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ। শুনানি শেষে হাকিম মো. মোজাম্মেল হক তিনদিন হেফাজতে রাখার অনুমতি দেন। সোমবার উপজেলার আলগী বাজার এলাকার ফারুক-ই আজম মাদ্রাসা কর্তৃপক্ষ ইকবাল হোসেনকে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবালের নেতৃত্বে মাদ্রাসায় জেএমবির প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে এ অভিযোগের ভিত্তিতে আগেরদিন সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ইকবাল পালিয়ে যান। ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশের পরিপ্রেক্ষিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হাইমচর থানার ওসি আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞসাবাদের পর জেএমবির সঙ্গে তথ্য প্রমাণ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.