ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ার হোসেনই বিএনপির মহাসচিব থাকছেন ।
কাউন্সিল অনুষ্ঠানের ৫ দিনের মাথায় রোববার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ১২ জনসহ দলের নির্বাহী কমিটির সাত জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের এ ঘোষণার কথা জানিয়ে বলেন, "নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত খোন্দকার দেলোয়ার হোসেনই এ দায়িত্ব পালন করবেন বলে অনুমোদন দিয়েছেন চেয়ারপারসন।"
কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছেন নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব।
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে স্থান পাওয়া নতুনরা হলেন, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিঞা, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে ক্ষমতাবলে স্থায়ী কমিটিতে ঢুকেছেন।
৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১০১২ ঘ.
bdnews24