ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক এবং ঢাকার জেলা প্রশাসকও।
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর এক আবেদনে তাদের হাজির হতে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
রোববার তারা আদালতে গিয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ তা মঞ্জুর করে।
এর আগে একই অভিযোগে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারও আদালতে হাজিরা থেকে অব্যাহতি পান।
বিএনপি নেতা পিন্টুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কারাগারে তার চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় আদালত অবমাননা হয়েছে।
আদালত ওই বিষয়ে আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি তারিখ ধার্য করেছে।
আদালতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মোখলেসুর রহমান
এবং ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমানের পক্ষে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
ওই আবেদনের বিরোধিতা করেন পিন্টুর কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন।
পিন্টুর আবেদনে স্বরাষ্ট্র সচিব, কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক এবং ঢাকার জেলা প্রশাসকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণ জানতে চেয়ে বুধবার রুল জারি করে হাইকোর্ট।
২১ আগস্ট গ্রেনেড মামলায় গ্রেপ্তার পিন্টুকে গত ১৩ অক্টোবর কারাগারের বাইরে বিশেষ চিকিৎসার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে ২৪ নভেম্বর আদালত কারাগারের ভেতরেই বিশেষায়িত চিকিৎসক দিয়ে চিকিৎসার নির্দেশ দেয়।
দুটি আদেশ মানা হয়নি অভিযোগ করে পিন্টু ৭ ডিসেম্বর আদালত অবমাননার আবেদন করেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তারপর কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.
bdnews24