চট্টগ্রাম, ডিসেম্বর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করে অচিরেই সরকার নতুন পরিপত্র জারি করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
স্থানীয় সরকার শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি উপজেলা চেয়ারম্যানদের কোনো ধরনের বিভ্রান্তিতে না জড়ানোর আহ্বানও জানিয়েছেন।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক সরকারি কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যাদের সঙ্গে মতবিনিময় সভায় আশরাফ বলেন, "উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউএনওদের দায়িত্ব সুনির্দিষ্ট করে সরকার একটি সংশোধিত পরিপত্র জারির সিদ্ধান্ত নিয়েছে।"
পরিপত্রের খসড়া এ মাসের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পরিষদকে শক্তিশালী করতে যতপ্রকার আইনের সংশোধন করা প্রয়োজন সরকার তা করবে।
সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতার দ্বন্দ্ব একটি মহলের চক্রান্ত দাবি করে তাতে না জড়ানোর জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান আশরাফ।
আগামী অর্থ বছর থেকে উপজেলা চেয়ারম্যানদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, চেয়ারম্যানদের জন্য গাড়ি বরাদ্দের প্রক্রিয়া শেষ হয়েছে। পর্যায়ক্রমে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তা সবাইকে দেওয়া সম্ভব হবে।
চাঁদাবাজ ও 'দরপত্র সন্ত্রাসী'দের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আশরাফ বলেন, "তারা যে দলেরই হোক না কেন, কাউকেই রেহাই দেওয়া হবে না।"
দুর্নীতি নির্মূলে সরকারি কর্মকর্তাদের সহায়তা চেয়ে তিনি বলেন, "অতীতের মতো কাজ করলে চলবে না। কাজের মধ্য দিয়ে আপনারা নিজেকে বদলাবেন এবং দেশকে বদলে দিতে হবে।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বিগত তত্ত্বাবধায়ক সরকারকে 'অদ্ভুত' সরকার আখ্যা দিয়ে বলেন, "দুই বছরের আধা সামরিক আধা বেসামরিক সরকার আমলে অনেক সরকারি কর্মকর্তা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। সে কারণে সরকারের প্রথম দিকে প্রশাসনে কিছুটা ধীরগতি এসেছিল। বর্তমানে তা কাটিয়ে ওঠা গেছে।"
কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টার, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম এ লতিফ, চেমন আরা তৈয়ব দুটি বৈঠকেই অংশ নেন।
বৈঠকে কর্মকর্তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ এন এম ছিদ্দিক, সিএমপি কমিশনার মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আছাদুজ্জামান মিয়া প্রমুখ। উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপজেলা চেয়ারম্যান সমন্বয় পরিষদের সমন্বয়কারী গিয়াস উদ্দিন, সদস্য সচিব এহছানুল হায়দার চৌধুরী বাবুল, আবদুল মোনাফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24