ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র জাতীয় কাউন্সিলকে ঘিরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও এর আশপাশ সেজেছে বর্ণিল সাজে।
কেন্দ্রের বাইরের প্রাঙ্গনে মূল মঞ্চ থেকে প্রধান সড়ক পর্যন্ত 'নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত' লেখা স্লোগানে দলীয় পোস্টার, ফেস্টুন, ব্যানার শোভা পাচ্ছে। হাজার হাজার নেতা-কর্মী, কাউন্সিলরদের মূল প্যান্ডেলে বিভাগ ওয়ারি আমন্ত্রিত ডেলিগেট, সাংসদ, কুটনীতিক, বিভিন্ন স্তরের দলীয় নেতারা সংরক্ষিত আসনে বসেছেন।
মঞ্চের সামনে বিএনপি'র নির্বাহী সদস্য, গণমাধ্যম সম্পাদকদের বসার জন্য বিশেষ আসনের ব্যবস্থা।
কাউন্সিলের জন্য দেওয়া বিশেষ পরিচয়পত্র দেখে আমন্ত্রিতদের সকাল সাড়ে সাতটা থেকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকদের তল্লাশি পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে সবাইকে।
সম্মেলনকেন্দ্রের প্রধান গেটের সামনে স্থাপিত মূল মঞ্চের সামনে একটি প্রতীকী ধানক্ষেত বানানো হয়। হরেক রকমের ফুল দিয়ে সাজানো আছে মঞ্চের আশপাশ। দুই পাশে রাখা আছে বড় স্ক্রিন ।
উপ-প্রচার কমিটির আহ্বায়ক গয়েশ্বর রায় জানান, ২৫১২ জন কাউন্সিলর, ১২ হাজার ডেলিগেট, তিন হাজার দেশি-বিদেশি অতিথিসহ ২০ হাজার অতিথির আসনের ব্যবস্থা রাখা হয়েছে।
২৪টি ৪২ ইঞ্চির টিভি ও ২০টি বড় পর্দায় উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
কাউন্সিলের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিএনপির তিন হাজারের একটি স্বেচ্ছাসেবক দলও সজাগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১০৫৫ ঘ.
bdnews24