চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার চট্টগ্রামে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি এবং ওই মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে শুক্রবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী।
বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে বিএনপি উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আজিজুল হক, লিয়াকত আলী, নগর বিএনপির নেতা এম এ হামিদ, উত্তর জেলা বিএনপির নেতা ইউনুচ তালুকদার, অধ্যাপক মো. মোহসিন, শওকত আলী নুর প্রমুখ বক্তব্য রাখেন ।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার হোসেনের আদালতে দায়ের করা একটি মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওই দিনই নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা আবু তাহের উদ্দিন বাদি হয়ে গত ২০ নভেম্বর ফটিছড়ি বিএনপি'র সম্মেলনে বঙ্গবন্ধু হত্যা ও বিচারের রায় নিয়ে কটুক্তি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করেন।
সাকা চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলা দায়ের করা হয়েছে অভিযোগ করে সমাবেশে বক্তরা অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২২৩১ ঘ.
bdnews24