ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সিনেটের শক্তিশালী 'ওয়েজ অ্যান্ড মিনস্ কমিটি'র বৈঠকে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধির না যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
স্বল্পোন্নত দেশগুলোর শুল্কমুক্ত রপ্তানি ইস্যু নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।
বুধবার একটি ইংরেজি দৈনিকে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে তার বরাত দিয়ে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,"ওই বৈঠকে অক্সফামের ভাইস প্রেসিডেন্ট এসব স্বল্পোন্নত দেশের জন্য এ ধরনের অগ্রাধিকারমূলক কর্মসূচি গ্রহণের জন্য জোর দাবি জানান।..দুর্ভাগ্যবশত, সেখানে বাংলাদেশ সরকার বা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কেউ ওই আলোচনায় উপস্থিত ছিলেন না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে দেশের স্বার্থ রক্ষায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও রাষ্ট্রদূতসহ পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতার পরিচয় হিসেবে আখ্যায়িত করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে মার্কিন সরকারের একটি মানবাধিকার বিষয়ক 'ওয়াচ লিস্ট' বা নজরদারি তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূত অসত্য তথ্য দিয়েছেন বলেও সংবাদপত্রের খবরের বরাত দিয়ে দাবি করা হয়। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পেরেছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের ২০০৯ সালের 'ওয়াচ লিস্ট' থেকে বাংলাদেশের নাম সত্যিই বাদ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের নাম 'অন্যান্য পর্যবেক্ষণাধীন দেশের' মধ্যে আছে। ইউএসসিআইআরএফ এর ওয়েবসাইটে এ রিপোর্টটি আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/২৩৫৫ঘ.
bdnews24