মেহেরপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে হিজবুত তাহরীর সদস্য সন্দেহে আটক হওয়া ছয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তারা আগেই জামিনে ছাড়া পেয়েছিলেন।
মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমান রোববার এ আদেশ দেন।
কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে তাদের অব্যাহতির জন্য পুলিশ আদালতে আবেদন করে।
অব্যাহতি পাওয়া এই ছয়জন হলেন- ফরিদপুরের রেজাউল আহমেদ, সিলেটের মুস্তাফিজুর রহমান চন্দন, জামালপুরের নূর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, রাগেরহাটের মধুসুদুন সরকার, মাগুড়ার মাহফুজুর ইসলাম এবং নারায়ণগঞ্জের শাহ আলম মিন্টু।
গত ২৪ অক্টোবর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর কর্মী সন্দেহে তাদের আটক করে।
পরদিন তাদের হাকিম মিজানুর রহমানের আদালতে হাজির করলে আদালত তাদের জামিনে মুক্তি দেন।
আটক হওয়ার পর এই ছয় যুবক নিজেদের বাংলাদেশ বিশ্বশান্তি আহবান সমিতি নামে একটি নতুন সংগঠনের সদস্য বলে দাবি করেছিলেন। তারা মেহেরপুর বেড়াতে যান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24