পঞ্চগড়, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- আগামী মাসের ৮ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে বিএনপিতে প্রস্তুতি চললেও বেশ কয়েকটি জেলার পর সোমবার পঞ্চগড়ের জেলা সম্মেলনও স্থগিত করা হয়েছে।
পঞ্চগড় বিএনপির আহ্বায়ক মোজাহের হোসেন বলেছেন, অনিবার্য কারণে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে যুগ্ম আহ্বায়ক এ হাসান প্রধান কয়েকদিন আগেই গোলযোগের আশঙ্কার কথা জানিয়ে আহ্বায়ককে একটি চিঠি দিয়েছিলেন।
সোমবার সকালে পঞ্চগড় মিলনায়তনে সম্মেলন হওয়ার কথা ছিল। তা স্থগিত হওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মোজাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রাত একটা-দেড়টার দিকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ফোন করে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত জানান।
"তবে স্থগিত হওয়ার মতো বড় কোনো কারণ ছিল না", যোগ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ নভেম্বর পৌর বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান প্রধানকে কথা বলতে না দেওয়ায় হট্টগোল হয়। এরপর হাসান জেলা বিএনপির সম্মেলনে গোলযোগের আশঙ্কা প্রকাশ করে আহ্বায়ককে চিঠি দেন।
তবে ওই চিঠি সম্মেলন বাধাগ্রস্ত করার জন্য ছিলো না দাবি করে হাসান প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলযোগের আশঙ্কা করে সম্মেলন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে করতে আমি ওই চিঠি দিয়েছিলাম। এ বিষয়ে আমি কেন্দ্রীয় কমিটিকে কিছু জানাইনি।"
সম্মেলন স্থগিতের ঘোষণায় হতাশা প্রকাশ করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"কেন্দ্রের এমন হস্তক্ষেপে নেতাকর্মীরা হতাশ হয়েছে।"
তবে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ বলেন, "শুরু থেকে সম্মেলনের বিষয়ে আমাদের সঙ্গে কোনো মতবিনিময় করা হয়নি। সহযোগী সংগঠনগুলোকে উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত তাই সঠিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৩ ঘ.
bdnews24