কক্সবাজার, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাউন্সিলে হামলা-ভাঙচুরের পর পাল্টা কমিটি করেছে কক্সবাজার বিএনপির একাংশ।
শনিবার বিকালে এই অংশটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমানকে সভাপতি ও সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি করা হয়েছে।
শুক্রবার রাতে কক্সবাজার ষ্টেডিয়ামে কাউন্সিলরদের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান কমিটি ঘোষণা শুরু করলে এক পর্যায়ে লুৎফুর রহমানের অনুসারীরা মঞ্চে হামলা ও ভাংচুর চালায়।
তাদের হামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মাথায় আঘাত পান।
রাতে শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরা স্বপ্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করার সময় ওই ঘটনা ঘটে।
পরে এই কমিটিতে এটিএম নুরুল বশর চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী ও জামিল ইব্রাহিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
'বিক্ষুদ্ধ' অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটিকে অকার্যকর পকেট কমিটি আখ্যা দিয়ে বলা হয়, কাউন্সিলরদের প্রতিবাদ ও প্রত্যাখ্যানের কারণে জেলা সম্মেলন আক্ষরিক অর্থে পণ্ড হয়ে গেছে।
নেতা-কর্মীদের দাবির মুখে শনিবার দুপুর ২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে যৌথ জরুরি সভায় কমিটি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে কাউন্সিল অধিবেশনে ঘোষিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরীও আছেন।
পাল্টা কমিটি গঠনের ব্যাপারে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে জিজ্ঞেস না করেই সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। আমি ওই কমিটি থেকে পদত্যাগ এবং লুৎফুর রহমানকে সভাপতি করে ঘোষিত কমিটিকে সমর্থন করেছি।"
তিনি আরো বলেন, "আমি ছিলাম জেলা কমিটির সহ-সভাপতি। আমাকে কিভাবে সহ-সাধারণ সম্পাদক করা হলো?"
সাংসদ লুৎফুর রহমান বলেন, "কাউন্সিলররাই এই কমিটি ঘোষণা করেছেন। এখানে আমার কিছুই নাই।"
তিনি আরো বলেন, "কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে আমরা সবাই তা মেনে নেবো।"
সম্মেলনে ঘোষিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, "কেন্দ্রীয় নেতা ছাড়া জেলা কমিটি ঘোষণা করা যায় না।"
তিনি পাল্টা কমিটিকে 'অবৈধ' বলে উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24