২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ বিএনপির

বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, বর্তমানে বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ হচ্ছে, এটা বন্ধ না হলে গণতন্ত্র বিপর্যস্ত হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার চার দিন আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যদিও আদালতের রায় মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে দেলোয়ার শুক্রবার বলেছিলেন, সর্বোচ্চ আদালতের রায় দেশবাসী মেনে নেবে। বিচার বিভাগে সরকারি হস্তক্ষেপের নজির তুলে ধরতে গিয়ে দেলোয়ার বলেন, "অ্যটর্নি জেনারেলসহ সরকারের আইন কর্মকর্তারা এমন সব বক্তব্য রাখছেন, ইঙ্গিত দিচ্ছেন; তা সর্বোচ্চ আদালতে ন্যায়বিচারের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে। "এটা দেশের স্বাধীন বিচার বিভাগ ও গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভ নয়।'' ফটো নিউজ এজেন্সি 'বাংলার আলো'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব। তিনি গণমাধ্যমকে দায়িত্ব পালনে আরো সচেতন ও সজাগ থাকার পরামর্শ দেন। দেলোয়ার বলেন, "সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় তাদেরকে শক্ত লেখনীর মাধ্যমে মানুষকে সজাগ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় তাদের কাজ করতে হবে।'' সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলার আলো'র উপদেষ্টা আনিসুল হক, মাওলানা শোয়াইব আহমাদ, আবদুর রহমান তপন ও ঢাকার ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আবদুর রব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৫ ঘ.